• Thursday, April 9, 2026

উত্তরবঙ্গের বগুড়ায় ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে’ তারার মেলা

  • Apr 09, 2026

Share With

উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত বগুড়ায় বসেছিল দেশের সংগীত আকাশের উজ্জ্বল নক্ষত্রদের মেলা। গত ৭ এপ্রিল সন্ধ্যায় বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টের উন্মুক্ত প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ‘২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬’। এবারের আসরে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপাকে। একইসঙ্গে লোকসংগীতের কিংবদন্তি কাঙালিনী সুফিয়াকে প্রদান করা হয়েছে বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা ঘনিয়ে আসতেই সংগীতজগতের তারকাদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজনের সূচনা করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। এর পর মঞ্চে আসেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। তিনি আজীবন সম্মাননাপ্রাপ্ত শিল্পী হিসেবে কনকচাঁপার নাম ঘোষণা করলে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন শিল্পীর হাতে উত্তরীয়, সম্মাননা স্মারক ও অর্থ সম্মানীর চেক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজসহ চ্যানেল আই ও টিএমএসএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, উপস্থাপক খায়রুল বাশারের ঘোষণায় বিশেষ সম্মাননা গ্রহণ করেন কাঙালিনী সুফিয়া।

অনুষ্ঠানের অন্যতম চমক ছিল তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গান। তারার মেলার এই আয়োজনে তিনি কেবল পুরস্কারই তুলে দেননি, বরং গানে গানেও মাতিয়েছেন উপস্থিত দর্শকদের। ফরিদুর রেজা সাগরের বিশেষ অনুরোধে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের প্রথম অংশ গেয়ে শোনান। এ সময় তিনি বলেন, আমি তো শিল্পী নই। তবে মানসিকভাবে আমার মিউজিকসেন্স আপনাদের এই আয়োজনকে সমর্থন করে, এটা প্রেমাণ করতেই সামান্য চেষ্টা করছি।

সুরের এই মহোৎসবে খ্যাতিমান শিল্পী রফিকুল আলম, ফেরদৌস আরা ও অণিমা রায়ের নেতৃত্বে ‘ধনধান্য পুষ্পভরা’ এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানের মাধ্যমে এক দেশপ্রেমিক আবহ তৈরি হয়। এর পর মঞ্চ মাতান বাংলা গানের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের পাশাপাশি একক ও দ্বৈত পারফরম্যান্সে অংশ নেন তানভীর আলম সজীব, মেহরীন, মাহতিম সাকিব, মো. খুরশীদ আলম, বাপ্পি, লিজা, ইমরান ও কোনালসহ বর্তমান সময়ের জনপ্রিয়  শিল্পীরা। গানের পাশাপাশি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা আদর আজাদের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

শিল্পীদের মেধা ও জনপ্রিয়তার ভিত্তিতে এবারের আসরে মোট ১৮টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আধুনিক গানে সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন লিজা এবং সেরা সুরকারের পুরস্কার জিতেছেন বাপ্পা মজুমদার। ‘মেট্রিক্যাল’ পেয়েছে সেরা ব্যান্ডের স্বীকৃতি। ছায়াছবির গানে সেরা কণ্ঠশিল্পী হয়েছেন আতিয়া আনিসা এবং ইউটিউব জনপ্রিয়তায় সেরা হয়েছেন দিলশাদ নাহার কণা। এ ছাড়া নজরুল সংগীতে শহিদ কবির পলাশ ও উচ্চাঙ্গ সংগীতে নাশিদ কামাল শ্রেষ্ঠত্বের মুকুট পরেন। রাজু আলীমের প্রকল্প পরিচালনায় এবং অপু মাহফুজ ও নীল হুরে জাহানের সাবলীল উপস্থাপনায় এই দীর্ঘ সংগীত সফরটি গভীর রাত পর্যন্ত শ্রোতাদের মুগ্ধ করে রাখে।