• Tuesday, March 17, 2026

চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কর্মসূচি উদ্বোধন

  • Mar 17, 2026

Share With

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তার লক্ষ্য ছিল বৃষ্টি ও নদীর পানি খালের মাধ্যমে এনে সেচ কাজে ব্যবহার করা এবং খাদ্য উৎপাদন বাড়ানো। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একই উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণের পর খাল খননের উদ্যোগ নিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ‘নবাব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

রেহান আসিফ আসাদ বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে, খুব শিগগিরই কৃষকদের কৃষক কার্ড দেয়া হবে। পাশাপাশি খাল খননসহ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী দেয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।