• Sunday, March 29, 2026

চার দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

  • Mar 29, 2026

Share With

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গতকাল শনিবার দুপুর পৌনে ১টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটাই প্রথম রাষ্ট্রপতির নিজ জেলা সফর।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা যায়, আজ রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্তান আরিফপুরে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন।