হামের টিকাদান রোববার থেকে শুরু: চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় কমিশনার
- Apr 03, 2026
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে করণীয় নির্ধারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ।
সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান।
সভার শুরুতে জেলার হামের সার্বিক চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ বলেন, হাম আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। কোনো শিশু যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগকে দিকনির্দেশনা এবং প্রতিটি হাসপাতালে হাম চিকিৎসা কর্নার স্থাপনের জন্য জেলা স্বাস্থ্য বিভাগকে পরামর্শ দেন তিনি।
সভায় জানানো হয়, জেলায় এখন পর্যন্ত ৪৫ হাজার ডোজ মজুদ রয়েছে এবং রোববার ৬ মাস থেকে ১০ বছর বয়সী ৩ লাখ ৬০ হাজার ৮৭০ জন শিশুকে হামের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে জেলা পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা ক্রয় করার জন্য ২ লাখ টাকার চেক প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
