• Thursday, August 27, 2026

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার: গ্রেপ্তার ৩

  • Aug 27, 2026

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ এক ইজিবাইক চালকের গলিত মরদেহ আখক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা-পুঠিমারী বিল এলাকার আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করেন তারা।

তিনি বলেন, “এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, ইজিবাইক ছিনিয়ে নেওয়ার জন্য রুমনকে হত্যা করা হয়েছে।”

নিহত ২৩ বছর বয়সী রুমন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগান গ্রামের মো. রাজুর ছেলে।

ওসি মতিউর রহমান বলেন, গত ২১ অগাস্ট সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুমন। পরদিন পরিবারের সদস্যরা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৩ অগাস্ট রুমনের স্ত্রী নাজমা সুলতানা শিবগঞ্জ থানায় অপহরণ মামলা করেন।

“মামলা দায়েরের দিনই মো. রফিক, মো. ফারুক ও মো. ওমর নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় রুমনের ইজিবাইকটিও খোলা অবস্থায় উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়।”

রিমান্ডে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রুমনের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা ইজিবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে রুমনকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশপাশি এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”