• Sunday, March 29, 2026

জনগণের প্রত্যাশা পূরণে, মাঠ পর্যায়ে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

  • Mar 29, 2026

Share With
সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রবিবার (২৯ মার্চ) সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অসংখ্য সমস্যা নিয়ে ভূমি অফিসে মানুষের যাতায়াত। সংশ্লিষ্ট কর্তাদের মানুষের এ সমস্যাগুলোর আইনি সমাধানে দ্রুত এগিয়ে আসতে হবে।তিনি বলেন, ‘ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইন-কানুন রয়েছে, যেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রপ্ত করতে হবে। এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।’প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রিয় দেশকে আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের সরকার বারবার বলে আসছে যে স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা মানুষকে ভূমিসেবা দিতে পারি।

মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘এমন কোনো কর্মকাণ্ড যেন আমরা না করি যাতে একজন সহকর্মীর অন্যায় ও অপকর্মের কারণে সারা দেশের মাঠ পর্যায়ের অন্য কর্মকর্তাদের বদনাম হয়। এ ছাড়া ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত কারণে হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অপকর্মে দায় সম্পূর্ণ সরকারের ওপরে আসে। কারণ তারা সরকারের অধীনেই কাজ করে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়েরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী (সচিব), ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান।