চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
- Apr 01, 2026
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণসেবার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
