চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের একাধিক দোকানে অগ্নিকাণ্ড
- Jun 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল ৮ টার দিকে মার্কেটের একটি দোকান আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ব্যবসায়ীরা জানান, আগুনের কারণে অনেক দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি তৈরি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে৷ মার্কেটে পানির ব্যবস্থাপনা না থাকায় আগুন নেভাতে দেরী হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এবং আশেপাশের আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা সম্ভব নয় বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ ও প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।
