চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে র্যালি
- Jun 26, 2026
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বক্তারা মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনসিউর রহমান ও পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
