ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুলের ‘স্কুল ডে ২০২৬’ অনুষ্ঠিত
- Jul 31, 2026
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুলের ‘স্কুল ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার মিরপুরে শুক্রবার (৩১ জুলাই) পুলিশ কনভেনশন হলে এই ‘স্কুল ডে’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু (এমপি) বলেন, “রাজশাহী কলেজিয়েট স্কুল শুধু রাজশাহী বা বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠান আমাদের মায়ের মতোই সঠিক পথ দেখিয়ে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।” প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজিয়েট স্কুলের ঐতিহ্য, গৌরব ও ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী জানান, তাঁর বাবা এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন এবং বর্তমানে তাঁর পরিবারের চতুর্থ প্রজন্মও এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে।
তিনি বলেন, ২০২৮ সালে রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উপলক্ষে একটি ঐতিহাসিক আন্তর্জাতিক মানের আয়োজন করা হবে। ক্যামব্রিজ ও অক্সফোর্ডের দ্বিশতবর্ষ উদযাপনের আদলে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান।
ভূমিমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর বর্তমান প্রধানসহ দেশ-বিদেশের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি দলমত নির্বিশেষে সকল প্রাক্তন শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হয়ে দ্বিশতবর্ষ উদযাপন সফল করার আহ্বান জানান এবং ঢাকায় রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ের জন্য জায়গার ব্যবস্থা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ঐতিহ্যের দুই শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাজশাহী কলেজিয়েট স্কুল—গৌরবের এই যাত্রায় সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণই হবে সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্রদের মাঝে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান খান প্রমুখ স্মৃতিচারণ করে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
