চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে শিবিরের ছাত্র-গণজমায়েত
- May 11, 2026
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পার্কে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম খান এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি, ড. মিজানুর রহমান এমপি, সাবেক এমপি লতিফুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা ১৯৮৫ সালের ১১ মে সংঘটিত ঘটনায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তরুণ সমাজকে কুরআনের আদর্শে আলোকিত হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
