চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- Aug 05, 2026
চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই অভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এই দিনে ঘটে যাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। বুধবার (৫ আগস্ট ২০২৬) দিবসটি স্মরণে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং এটি রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরের খাদ্য (ফুড) অফিস মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কার্যালয়ের প্রধানগণ এবং প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
আজ বুধবার সকাল ১০ টার সময় জেলা শহরের জুলাই শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সরকারি—বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন শহীদ তারেকের বাবা মোঃ আশহাদুল ইসলাম, শহীদ মতিউরের পরিবারের সদস্য সুলতানা রাজিয়া, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা জামাতের নায়েবে আমির মোখলেসুর রহমানসহ অন্যরা।
আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
