• Sunday, July 19, 2026

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

  • Jul 18, 2026

Share With

চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শহরের ফুড অফিস সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী, রাজনৈতিক প্রতিনিধিরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন আন্দোলনকারী নিহত হন। পরবর্তীতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সারা দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়ভাবে পালন করেন।