চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ
- May 06, 2026
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জেলার সকল সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিক সমাজের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন চত্বরসহ জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় একসঙ্গে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বীসহ দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, ঘটনার ছয় দিন পার হলেও পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
