চাঁপাইনবাবগঞ্জে ২ সাংবাদিকের ওপর হামলা: গ্রেফতার ৩
- May 16, 2026
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার শাহবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তার দুই সহযোগী মো. সোহেল ওরফে জিনজিরা সোহেল এবং মো. সুনিত ওরফে আলিফ।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে ১৫০ গ্রাম হেরোইন ও দুই কেজি গানপাউডার উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় মৎসভবন মোড় থেকে রাব্বিসহ সোহেল ও সুনিতকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ আনার সময় গাড়িতেই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের নীলকুঠির মাঠ সংলগ্ন একটি ইট ভাটা থেকে ২ কেজি বিস্ফোরক ও ১৫০ গ্রাম হেরোইন সদৃশ বস্তু উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো.রাব্বি ও সোহেলের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। রাব্বির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
