• Friday, April 17, 2026

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন

  • Apr 14, 2026

Share With

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হচ্ছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী বৈশাখি মেলার উদ্বোধনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈশাখি উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন ।

মহানগরীর পার্ক গেট এলাকা থেকে এ বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোলের শব্দ, বাদ্যযন্ত্রের ঝঙ্কার আর বাঙালির চিরচেনা ঐতিহ্যবাহী পোশাক ও মুখোশ পরে শত শত মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। বর্ণিল এই মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন শিশু একাডেমি প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ঐতিহ্যবাহী বৈশাখি মেলার উদ্বোধন করেন ।

মাহফুজুর রহমান বলেন, নববর্ষের এই ঐক্য যেন আমাদের গণতান্ত্রিক পথচলাকে আরও সুসংহত করে এবং নতুন বছর যেন সবার জীবনে সমৃদ্ধি নিয়ে আসে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

জেলা প্রশাসনের মূল অনুষ্ঠানের পাশাপাশি রাজশাহী জুড়ে উৎসবের ব্যাপক প্রস্তুতি ও আমেজ লক্ষ্য করা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং গ্রামীণ খেলার আয়োজনে গোটা রাজশাহী নগরী এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মেলায় মাটির তৈরি লোকজ পণ্য, হস্তশিল্প ও মিষ্টান্নের সমারোহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। সব মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে রাজশাহীবাসী নতুন বছর ১৪৩৩ কে স্বাগত জানিয়েছে।