• Tuesday, May 26, 2026

শেষ হলো নজরুল জন্মজয়ন্তীতে শিল্পকলা একাডেমির ৩ দিনের অনুষ্ঠান

  • May 26, 2026

Share With

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে শনিবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন।

একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘নজরুল জন্মজয়ন্তী’ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে চলা ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ আয়োজনের সমাপনী অনুষ্ঠান জাতীয় কবির কালজয়ী সৃষ্টিকর্ম নিয়ে গান, কবিতা ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠিত হয়।

একাডেমি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন- ‘আমাদের প্রধানমন্ত্রী ২০২৬-এর মে মাস থেকে ২০২৭ এর মে মাস পর্যন্ত নজরুল বর্ষ ঘোষণা করেছেন। দেশজুড়ে, এই বছরব্যাপী আমরা নানা রকম কর্মসূচি পালন করবো। আমাদের দেশের শিশু, কিশোর এবং তরুণ প্রজন্মদের কাছে নজরুল যে প্রাসঙ্গিক, তার পরিচিতি এবং সামগ্রিক কর্মকাণ্ড তুলে ধরবো।

তিনি বলেন, সংগীতের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল যাননি। নজরুলের উচ্চাঙ্গ সংগীত, শ্যামা সংগীত, কীর্তন, প্রেমের গান এবং বিদ্রোহের গান সব কিছু মিলিয়ে নজরুল যুগ- শ্রেষ্ঠ কবি। শুধু নজরুল নয়, সবদিকেই আমাদের সংস্কৃতিকে, জাতীয় ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতিকে সামনে তুলে আনতে চাই।

সংস্কৃতি সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

দুই পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত নজরুল সংগীত, ‘মধুকর মঞ্জুরী’ পরিবেশন করে সরকারি সংগীত কলেজ। সমবেত নৃত্য “পদ্মার ঢেউরে” পরিবেশন করে নৃত্যনন্দন।

দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ সমবেত নৃত্য ‘শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে’ পরিবেশন করেন। ‘কামাল পাশা’ এর সাথে নৃত্য পরিবেশন করে নৃত্যালোক সাংস্কৃতিক সংগঠন। সমবেত সংগীত ‘বল্ নাহি ভয় নাহি ভয়’ পরিবেশন করেন কবি নজরুল ইনস্টিটিউট-এর শিল্পীবৃন্দ। সমবেত নৃত্য ‘রাঙামাটির পথে লো’ পরিবেশন করে নুপুরধ্বনি এর শিল্পীবৃন্দ, রেওয়াজ পারফরমার্স স্কুল-এর নৃত্যশিল্পীবৃন্দ ‘মম মায়াময় স্বপনে’ গানের সাথে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ ‘নারী’ কবিতার সাথে সমবেত নৃত্য পরিবেশন করেন। সমবেত নৃত্য ‘মোরা ঝঞ্জার মত উদ্যাম’ পরিবেশন করেন এ্যলিফিয়া ডান্স এটেলিয়ার শিল্পীবৃন্দ। ‘কারার ঐ লৌহকপাট’ পরিবেশন করেন নান্দনিক নৃত্য সংগঠন এরপর সংগীত পরিবেশন করেন নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরাসহ বিভিন্ন কণ্ঠশিল্পী।

সবশেষে বাঁশরী রেপার্টরি থিয়েটার মঞ্চায়ন করে নাটক ‘বনের মেয়ে পাখি’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এছাড়া দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবির স্মরণে আলোচনা ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নানান অনুষ্ঠানমালা পরিবেশিত হয়েছে।

সূত্র: বাসস