পদ্মার চরে ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স চালু করলেন এমপি নুরুল ইসলাম বুলবুল
- May 07, 2026
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের ইউনিয়ন চর-আলাতুলি ও নায়ারণপুর ইউনিয়নবাসীর জন্য নৌ- অ্যাম্বুলেন্স চালু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
বুধবার (৬ মে) বিকালে নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর ধারে এই উদ্যোগের উদ্বোধন করেন সংসদ সদস্য বুলবুল।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করেন। নৌ অ্যাম্বুলেন্সটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। নৌ অ্যাম্বুলেন্সটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, রোগী বহনের জন্য স্ট্রেচার, এবং প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্সসহ প্রয়োজনীয় উপকরণ।
স্থানীয়রা জানান, চরাঞ্চলে যাতায়াতের জন্য নির্ভরযোগ্য নৌযান না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সময়মতো নৌকা পাওয়া যেত না, অনেক সময় অতিরিক্ত ভাড়াও দিতে হতো। নতুন এই নৌ অ্যাম্বুলেন্স চালুর ফলে তাদের সেই ভোগান্তি অনেকটাই কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য নদী পার হওয়ার পর স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে বলে জানা যায়। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে কথা বলে নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। এই নৌ অ্যাম্বুলেন্স সেই প্রচেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে দ্রুত ও সহজে চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক এমপি লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর,জেলা প্রকাশনা সম্পাদক শহিদুল্লাহ, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।
