• Sunday, May 24, 2026

ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

  • May 24, 2026

Share With

ফুটবলসহ দেশের ক্রীড়াঙ্গণকে রাজনীতি মুক্ত করার তাগিদ দিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যেদিকেই তাকাবেন সব জায়গায় দুর্বৃত্ত। ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত ক্রীড়াপ্রেমীরাই যেন দেশের সব খেলাধুলা পরিচালনা করে, সেই ব্যবস্থা করতে হবে।

শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, স্বাধীনতার পরপরই দেখলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন গাজী গোলাম মোস্তফা। তারা এটা ধরেই নিয়েছে যে ঢাকা শহরে যিনি আওয়ামী লীগের সভাপতি, তিনি ফুটবল ফেডারেশনেরও সভাপতি হবেন। গাজী গোলাম মোস্তফার পর মোহাম্মদ হানিফ ছিলেন। হানিফ ফুটবল পছন্দ করতেন না, ক্রিকেটের ফ্যান ছিলেন। রাজনৈতিক প্রেশারে অনিচ্ছা সত্ত্বেও তাকে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করতে হয়।

এ অবস্থার অবসান হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, এখন তাবিথ আউয়ালের মতো ক্রীড়ামোদী এখানে আছেন, আমি চাই, যাদের খেলাধুলার প্রতি প্রকৃতই আগ্রহ আছে, তারাই যেন খেলাধুলা পরিচালনা করেন।

স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করতে ইতিমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ক্রীড়া কাঠামোর মেগা পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে স্কুল পর্যায়ে চতুর্থ শ্রেণি থেকে অন্তত চারটি খেলা প্রাতিষ্ঠানিকভাবে বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে জাতীয় সংসদেও ক্রীড়া খাতের উন্নয়ন ও বাজেট নিয়ে জোরালো আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে। উদীয়মান খেলোয়াড়দের জন্য মাঠ পর্যায়ে অত্যাধুনিক জিমনেসিয়াম, ফিজিও সেন্টার ও প্রাথমিক চিকিৎসাকেন্দ্রসহ লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা হবে।